প্রযুক্তির জ্ঞান মানবকল্যাণে ব্যবহারের আহ্বান আইআইইউসি ভিসির
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কেন্দ্রীয় মিলনায়তনে ‘বিয়ন্ড দ্য রোভার: ফ্রম কনসেপ্ট টু ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ' শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।\n\nসোমবার অনুষ্ঠিত এ সেশনে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর, প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী।\n\nসেশনে আধুনিক প্রযুক্তির জ্ঞান, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের জ্ঞান অর্জন এবং তা মানবকল্যাণে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রযুক্তির উদ্ভাবনকে শান্তি ও মানবকল্যাণে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার বিষয়েও আলোচনা করা হয়।